ডিজিটাল রূপান্তরে স্বল্প আয়ের মানুষের অংশগ্রহণ কমবে : বাংলালিংক

১২ জুন, ২০২০ ০২:২০  
প্রস্তাবিত বাজেটের ফলে ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় স্বল্প আয়ের মানুষের অংশগ্রহণ কমবে বলে মনে করছে মোবাইল অপারেটর বাংলালিংক। খরচ বাড়ায় গ্রাহক ঝড়ে পরার শঙ্কাও করছে তারা। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল উত্থাপিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটে মোবাইল সিম কেনা এবং ব্যবহারের ক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবের প্রতিক্রিয়া এমন শঙ্কা করছে অপারেটরটি। অপারেটরটির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেছেন, আমাদের গ্রাহকরা ইতোমধ্যেই অতিরিক্ত করের বোঝা মাথায় নিয়ে সেবা নিচ্ছেন। এমন পরিস্থিতিতে অতিরিক্ত ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোয় স্বল্প আয়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আরো কমবে। এমন পরিস্থিতিতে করোনাকালিন অর্থনৈতিক প্রভাবের কথা বিবেচনা করে সরকারের কাছে ইন্টারনেটের ওপর ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান তিনি। তিনি বলেন, আমরা এখনো ব্যবসায়িক ভাবে লাভজনক অবস্থানে যেতে পারি নি। তাই আমরা সরকারকে অনুরোধ করছি আমাদের আয়ের ওপর ন্যূনতম করের হার যেনো পূণর্বিবেচনা করা হয়।